স্বাধীন দেশ অনলাইন
প্রকাশ : ১৭ জানুয়ারী ২০২৬, ২০:১৭
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া একটি পুরোনো বক্তব্য নতুন করে ফেসবুকে ছড়িয়ে পড়ায় সমালোচনার মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার দিবাগত রাতে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন।
পোস্টে মুফতি আমির হামজা জানান, মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে তার ওই অনাকাঙ্ক্ষিত বক্তব্যটি ২০২৩ সালের। সে সময় একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দেওয়ার ক্ষেত্রে ভুল হওয়ায় তিনি তখনই দুঃখ প্রকাশ করেছিলেন এবং এখন আবারও দুঃখ প্রকাশ করছেন।
পুরোনো বক্তব্য নতুন করে ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি দাবি করেন, যারা এটি সামনে এনে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে প্রচার করছেন, তারা নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও রেহাই দেননি। এ ক্ষেত্রে প্রকৃত অপরাধী কারা, তা ভেবে দেখার আহ্বান জানান তিনি।
পোস্টে তিনি আরও লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা যেন মরহুম আরাফাত রহমান কোকোকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
ফেসবুকে ছড়িয়ে পড়া পুরোনো ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করেন।

0 Comments